[email protected] রবিবার, ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র ১৪৩৩

মাদারীপুরে মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ আগষ্ট ২০২৬ ১:৪৭ পিএম

সংগৃহীত ফাইল

মাদারীপুরের কালকিনি পৌরসভার গোপালপুর এলাকায় দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার পাশে বিস্ফোরণের ঘটনায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে মাদ্রাসার পাশের ইমন সরদারের বসতঘরের সামনে হঠাৎ একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী আহত হয়। আহতদের মধ্যে আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনাসহ পাঁচজন রয়েছে।

ঘটনার পর স্থানীয়রা আহত শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

ইমন সরদার বলেন, তার বসতঘরের সামনে কীভাবে বিস্ফোরণ ঘটেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

মাদ্রাসার মুহতামিম হাফিজুর রহমান জানান, সকালে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে মাদ্রাসার প্রায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।

কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম বলেন, ‘বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

এসআর

সম্পর্কিত খবর