কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি পুকুর থেকে পল্টু মিয়া (৫৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত পল্টু মিয়া বাজিতপুর উপজেলার পূর্ব ভাগলপুর গ্রামের মৃত আসন আলীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সকালে পুকুরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে কটিয়াদী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশের প্রাথমিক কার্যক্রমের সময় পুকুরের পাশে একটি বাজারের ব্যাগ পাওয়া যায়। ব্যাগটির ভেতরে কিছু কাপড়চোপড় ছিল। তবে পল্টু মিয়া কীভাবে ওই পুকুরে পৌঁছালেন কিংবা কখন সেখানে গিয়েছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসআর