ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় মো. রাব্বী (২৭) নামে এক যুবককে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে।
নিহত রাব্বী মাসকান্দার জেলা পরিষদ হাইস্কুল রোড এলাকার মোবারক হোসেন ভুট্টুর ছেলে। তিনি একটি বেসরকারি পলিটেকনিক কলেজে পড়াশোনার পাশাপাশি পাসপোর্ট অফিসের সামনে কম্পিউটার-সংক্রান্ত কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, দুপুরে পাসপোর্ট অফিসের সামনে অবস্থান করছিলেন রাব্বী। এ সময় কয়েকজন ব্যক্তি হঠাৎ তার ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে তিনি পাশের একটি দোকানে ঢুকে পড়লেও হামলাকারীরা সেখানে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাব্বীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর মাসকান্দা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, নিহত রাব্বীর প্রতিবেশী সাব্বিরের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল। প্রাথমিক তদন্তে ওই বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, সাব্বির ও তার ভাইয়ের সম্পৃক্ততার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
এসআর