নোয়াখালীর হাতিয়ায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্ট জব্দ করেছে কোস্টগার্ড।
বুধবার (১২ আগস্ট) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে হাতিয়া উপজেলার মৌলভীচরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মো. আবু তাহের (৫৭), ভোলা সদর উপজেলার মো. আলাউদ্দিন (৪২) এবং একই এলাকার মো. নিরব (৩৫)।
কোস্টগার্ড জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মেঘনা নদীতে অভিযান চালিয়ে সন্দেহজনক বাল্কহেডটির গতিরোধ করা হয়। পরে সেটিতে তল্লাশি চালিয়ে ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্ট পাওয়া যায়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, সিমেন্টের চালানটি মিয়ানমারে পাচারের জন্য নেওয়া হচ্ছিল।
কোস্টগার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন জানান, আটক তিনজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোস্টগার্ডের পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে।
এসআর