পঞ্চগড়ের বোদা উপজেলায় মোটরসাইকেলে বান্ধবীকে নিয়ে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় স্বপন চন্দ্র রায় (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৯ আগস্ট) বিকেলে উপজেলার মাড়েয়া ইউনিয়নের ফুটকিবাড়ী এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বপন বেংহারী ইউনিয়নের ধনিপাড়া গ্রামের উপেন চন্দ্র রায়ের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে মাড়েয়া এলাকা থেকে স্বপন মোটরসাইকেলে করে সুমি রানীকে সঙ্গে নিয়ে পঞ্চগড়ের দিকে যাচ্ছিলেন। ফুটকিবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়ে স্বপন ও সুমি দুজনই আহত হন।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় স্বপনকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়ার পথে সাকোয়া এলাকায় তার মৃত্যু হয়।
বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মারুফা বিনতে মতিন জানান, দুর্ঘটনার পর স্বপনকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথে তার মৃত্যু হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা দুর্ঘটনায় স্বপনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
ওসি আরও জানান, নিহত স্বপন ও আহত তরুণী পরস্পরের প্রেমের সম্পর্কে ছিলেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
নিহতের এক খালাতো ভাই জানান, স্বপন ও সুমি রানীর মধ্যে বিয়ের কথা চলছিল এবং শিগগিরই তাদের বিয়ে হওয়ার কথা ছিল। এর মধ্যেই তারা ঘুরতে বের হয়ে দুর্ঘটনার শিকার হন। এতে স্বপনের মৃত্যু হলেও সুমি আহত অবস্থায় রয়েছেন।
এসআর