[email protected] সোমবার, ১০ আগস্ট ২০২৬
২৬ শ্রাবণ ১৪৩৩

শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‍্যালি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত: ৯ আগষ্ট ২০২৬ ৯:০৬ পিএম

সংগৃহীত ছবি

আদিবাসী ধাত্রীদের সম্মান, জীবন ও সুস্থতা সুরক্ষা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) উপজেলার বুড়িগোয়ালিনী আশ্রয়ণ প্রকল্প এলাকায় জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে স্থানীয় আদিবাসী নারী, পুরুষ ও শিশুদের অংশগ্রহণে একটি র‍্যালি বের করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় প্রধান অতিথি ছিলেন আদিবাসী মুন্ডা কমিউনিটির মোড়ল নীলকান্ত মুন্ডা। বক্তব্যে তিনি বলেন, মুন্ডাসহ আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করা জরুরি।

পাশাপাশি নারী, প্রতিবন্ধী ব্যক্তি ও আদিবাসীদের উন্নয়নে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সহযোগিতার পরিধি বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

কৌশল্য মুন্ডার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অষ্টমী মালো।

অপু চৌকিদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কমলা মুন্ডাসহ স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, দেশের আদিবাসী জনগোষ্ঠীর একটি অংশ এখনো সামাজিক ও অর্থনৈতিক নানা বৈষম্যের মধ্যে রয়েছে।

তাদের জীবনযাত্রার মান উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ের সংগঠনগুলোকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভা ও র‍্যালিতে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের নারী, পুরুষ ও শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

কর্মসূচির মধ্য দিয়ে নিজেদের অধিকার, স্বতন্ত্র পরিচয়, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের দাবি তুলে ধরেন তারা।

আয়োজকদের মতে, এমন উদ্যোগ আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে অধিকার সচেতনতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক প্রত্যাশা তৈরি করবে।

এসআর

সম্পর্কিত খবর