[email protected] রবিবার, ৯ আগস্ট ২০২৬
২৫ শ্রাবণ ১৪৩৩

১৬ আগস্ট প্রধানমন্ত্রীর সফর: কটিয়াদীতে প্রস্তুতি তুঙ্গে

সংগৃহীত ছবি

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ ও কটিয়াদী সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তাঁর সফরকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় প্রস্তুতি শুরু হয়েছে।

এরই অংশ হিসেবে কিশোরগঞ্জ ও কটিয়াদীতে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে প্রস্তুতি সভা ও মতবিনিময়।

প্রধানমন্ত্রীর সফর সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং দলীয় নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

কিশোরগঞ্জে আয়োজিত প্রস্তুতি সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিনুর রশিদ বলেন, ‘জল যার, জলাশয় তার’ নীতিকে সামনে রেখে মৎস্যসম্পদের উন্নয়ন ও সংরক্ষণে সরকার কাজ করছে।

প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি।

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিনুর রশিদের পাশাপাশি উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম, জেলা প্রশাসক সুহানা নাসরিন, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহ সোহেল এবং কিশোরগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মাজারুল ইসলাম।

এ ছাড়া জেলা বিএনপির নেতা ইসরাইল মিয়া, যুবদল নেতা জি. এস কসরুজ্জামান শরীফ, কটিয়াদী-পাকুন্দিয়া আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালালউদ্দিন, সাবেক জেলা বিএনপি সহসভাপতি আশফাক আহমেদ জুন, সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা রুহুল আমিন আকিল, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এরপর কটিয়াদী উপজেলা হলরুমে উপজেলা বিএনপির উদ্যোগে আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপের সভাপতিত্বে সভায় বক্তারা স্থানীয় পর্যায়ের মতপার্থক্য ও অভ্যন্তরীণ বিভাজন দূরে রেখে প্রধানমন্ত্রীর সফরকে সফল করার ওপর গুরুত্ব দেন।

সভায় কটিয়াদী-পাকুন্দিয়া আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালালউদ্দিন বলেন, সফরের আয়োজনে কে কোথায় জায়গা পেলেন কিংবা মঞ্চে কার অবস্থান কী এসব বিষয়কে প্রাধান্য না দিয়ে মূল কর্মসূচিকে সফল করাই সবার দায়িত্ব।

প্রত্যেকে নিজের ওপর অর্পিত দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করলে পুরো আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী শরিফুল আলম বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য দল-মত নির্বিশেষে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে এমপি জালালউদ্দিনের ভূমিকার প্রশংসা করেন এবং এলাকার উন্নয়নমূলক উদ্যোগে তাঁর সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান।

তিনি আরও বলেন, পরিকল্পিত ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।

প্রধানমন্ত্রীর সফর সফল করতে দলীয় নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে ইতোমধ্যে কিশোরগঞ্জ ও কটিয়াদীর বিভিন্ন এলাকায় ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন ধরনের সাজসজ্জার কাজ শুরু হয়েছে।

পাশাপাশি সফরকে ঘিরে প্রশাসনিক ও সাংগঠনিক পর্যায়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

এসআর

সম্পর্কিত খবর