কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে
এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকাল ৯টায় উপজেলার গুনবতী রেলস্টেশনের নিকটবর্তী সাতবাড়িয়া রোডের রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়েশা বেগম উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের সামছুল আলম মজুমদারের স্ত্রী। তিনি ছয় মেয়েসন্তানের জননী ছিলেন।
নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, আয়েশা বেগম শুক্রবার বিকেলে গুনবতী গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যান। এছাড়া গুনবতীতে তাঁর মালিকানাধীন ভাড়াবাড়ির ভাড়া আদায়ের কাজও সারেন তিনি। শনিবার সকালে নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে রওয়ানা হয়ে গুনবতী রেলস্টেশন সংলগ্ন রেলক্রসিং পার হচ্ছিলেন। ঐ সময় দুটি লেনে দুটি ট্রেন একই সাথে ক্রসিং করছিল। চট্টগ্রামমুখী লেনটি তিনি নিরাপদে পার হতে পারলেও অসাবধানতাবশত ঢাকাগামী 'সুবর্ণ এক্সপ্রেস' ট্রেনটি খেয়াল করেননি। ফলে ট্রেনের ধাক্কায় মাথায় মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা গিয়ে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুনবতী রেলস্টেশনের মাস্টার মো. সাইফুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি স্টেশন অতিক্রম করার সময় রেলক্রসিংয়ে ধাক্কা লেগে আয়েশা বেগম মারা যান। পরে পরিবারের সদস্যরা এসে লাশ নিয়ে গেছেন।
এ বিষয়ে লাকসাম জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, ঘটনাটি সম্পর্কে অবহিত হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এসআর