কক্সবাজারের উখিয়ায় ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের একটি ওয়াশরুম থেকে এএসআই রুবেল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) ভোরে দরজা কেটে ভেতর থেকে তার মরদেহ বের করেন সহকর্মীরা।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ক্যাম্পের নিয়মিত রোলকলে উপস্থিত ছিলেন না এএসআই রুবেল। এরপর তার সহকর্মীরা ক্যাম্পের বিভিন্ন স্থানে খোঁজ নেন। একই সঙ্গে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
শনিবার ভোরে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার কাজে ওয়াশরুমের কাছে গেলে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। বেশ কয়েকবার ডাকাডাকি ও দরজায় ধাক্কা দেওয়ার পরও কোনো সাড়া না পেয়ে তিনি জানালার ফাঁক দিয়ে ভেতরে রুবেলকে পড়ে থাকতে দেখেন।
পরে বিষয়টি পুলিশকে জানানো হলে উখিয়া থানার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। চিকিৎসকের উপস্থিতিতে ওয়াশরুমের স্টিলের দরজা কেটে এএসআই রুবেল হোসেনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন, তোয়ালে, টর্চলাইট ও সিগারেট উদ্ধার করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়াশরুমে থাকা অবস্থায় হৃদ্রোগজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।
এসআর