সিলেট-ঢাকা মহাসড়কের সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়িয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টা থেকে ৭টা ১০ মিনিটের মধ্যে ওসমানীনগর থানার কাশিকাপন এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন বছর বয়সী শিশু ফাইজা এবং ২২ বছর বয়সী তিতন মারা গেছেন। এর আগে দুর্ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।
ঘটনাস্থলে নিহত সাতজনের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করা হয়েছে।
তারা হলেন কিশোরগঞ্জের ঢুলিয়ারপাড়ের লক্ষ্মীপুর গ্রামের হাজী শফিক উদ্দিনের ছেলে হাজী মঈনুল ইসলাম (৫৫) এবং সিলেট নগরীর সোবহানিঘাট এলাকার বাসিন্দা প্রীতম দাশ (২২)।
হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার রেজাউল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি এবং ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিংয়ের প্রবণতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এতে তিন বছরের শিশুসহ নয়জন প্রাণ হারিয়েছেন।
শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাতজন মারা যান।
পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।
এসআর