সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন খাল ও বিলে পরিচালিত বিশেষ অভিযানে ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধূমঘাট শীলতলা বিল, মঠেরচক বিল এবং আশপাশের খাল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌহিদ হাসানের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মো. মুজিবর রহমান, বিশ্বজিৎ মণ্ডল ও সুকুমার।
অভিযানে স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ, গ্রীন কোয়ালিশনের সদস্য, উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের প্রতিনিধিসহ স্থানীয় বাসিন্দারা সহযোগিতা করেন।
অভিযান শেষে উদ্ধার করা নিষিদ্ধ জালগুলো ধূমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে নিয়ে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌহিদ হাসান বলেন, চায়না দুয়ারি জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
এ ধরনের জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের ডিম, পোনা ও অন্যান্য জলজ প্রাণীর স্বাভাবিক প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হয় এবং জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়।
তিনি জানান, শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ জালের ব্যবহার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি চায়না দুয়ারি জাল ব্যবহার করায় জলাশয়ে দেশীয় মাছের সংখ্যা কমে যাচ্ছে।
তাদের মতে, মৎস্য সম্পদ ও জলজ পরিবেশ রক্ষায় উপজেলা মৎস্য অফিসের এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন।
এসআর