উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল সংরক্ষণ, প্লাস্টিক দূষণ হ্রাস এবং পরিবেশবান্ধব
জীবনযাত্রা গড়ে তুলতে সাতক্ষীরার শ্যামনগরে ২৫০টি পরিবারের মাঝে মাটির তৈরি মেটে (পানির পাত্র) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘বারসিক’র উদ্যোগে আয়োজিত কর্মসূচির প্রথম পর্যায়ে ৮ জন নারীর হাতে মাটির মেটে তুলে দেওয়ার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে শ্যামনগর উপজেলার আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মিজ শামসুজ্জাহান কনক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে প্লাস্টিকের পাত্রে পানি সংরক্ষণের প্রবণতা জনস্বাস্থ্য ও পরিবেশ উভয়ের জন্যই চরম উদ্বেগের বিষয়। এর পরিবর্তে মাটির তৈরি পাত্র ব্যবহার অত্যন্ত স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব। মাটির মেটেতে সংরক্ষিত পানি প্রাকৃতিকভাবে শীতল থাকে এবং বিদ্যুৎ ছাড়াই পানির স্বাভাবিক গুণাগুণ বজায় রাখে। এটি প্লাস্টিকজনিত দূষণ কমাতেও কার্যকর ভূমিকা পালন করবে। পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় স্থানীয় জনগণকে মাটির পাত্র ব্যবহারে আরও আগ্রহী হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহণকারীদের মাটির মেটে ব্যবহারের সঠিক পদ্ধতি, নিরাপদ পানীয় জল সংরক্ষণ এবং মাটির পাত্র ব্যবহারের স্বাস্থ্যগত, পরিবেশগত ও অর্থনৈতিক উপকারিতা সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি স্থানীয় ঐতিহ্যবাহী কুমোর শিল্পের বিকাশ ও পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলার জন্য গুরুত্বারোপ করা হয়।
এসআর