জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে গ্রেপ্তার করা উচিত।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে ‘জুলাই পদযাত্রা’ শেষে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সরকার এখনো জুলাই সনদ বাস্তবায়নে দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। এমন পরিস্থিতি চলতে থাকলে ছাত্র-জনতার নতুন আন্দোলন গড়ে উঠতে পারে বলেও সতর্ক করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, দীর্ঘ সময় পর রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তার ভাষ্য, সরকার এতদিন দায়িত্বে থেকেও সাবেক সরকারের সময়ে দায়িত্ব পাওয়া রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারেনি। তাই পদত্যাগের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
জামালপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রসঙ্গ টেনে এনসিপি নেতা বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এখন পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চান তিনি। এ বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
তিনি আরও বলেন, গণভোটে জনগণ জুলাই সনদের পক্ষে মত দিলেও সেটি এখনো বাস্তবায়নের পথে এগোয়নি। পাশাপাশি এক কোটি নতুন কর্মসংস্থানের সরকারি প্রতিশ্রুতির বাস্তব অগ্রগতিও দৃশ্যমান নয় বলে মন্তব্য করেন তিনি।
এসআর