নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পরিত্যক্ত একনলা এলজি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
তবে অভিযানের মূল লক্ষ্য থাকা আসামিকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (২৭ জুলাই) ভোরে উপজেলার দেওটি ইউনিয়নের পালপাড়া হাজীবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে সোনাইমুড়ী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, একটি মামলার আসামি মাইন উদ্দিন মামুনকে গ্রেপ্তারের উদ্দেশ্যে ওই এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানের সময় তার বাড়ির উত্তর পাশে থাকা একটি ভাঙা লাকড়ির ঘরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
তবে অভিযানের সময় অভিযুক্তকে সেখানে পাওয়া যায়নি।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন জানান, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজ কোথা থেকে এসেছে এবং এর সঙ্গে আর কারা জড়িত থাকতে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এসআর