কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জের সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে গড়ে ওঠা পানের বরজ উচ্ছেদে অভিযান চালাতে গিয়ে হামলার মুখে পড়েছেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার (২৭ জুলাই) সকাল প্রায় ১০টার দিকে পানেরছড়া রেঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) শরিফুল আলম, ফরেস্ট গার্ড হুমায়ুন কবির, বাগান মালি সাইদুল ইসলাম, মো. সাজিদ এবং ইমার্জেন্সি রেসপন্স টিমের (ইআরটি) সদস্য মিজানুর রহমান।
বন বিভাগ জানায়, সংরক্ষিত বনভূমি থেকে অবৈধ স্থাপনা ও পানের বরজ অপসারণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে একটি দল ঘটনাস্থলে যায়।
অভিযানের একপর্যায়ে দখলদারদের একটি দল দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বনকর্মীদের ওপর হামলা চালায়।
এতে পাঁচজন আহত হন।
হামলার সময় অভিযানে ব্যবহৃত কিছু সরঞ্জামও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে কয়েকজন রয়েছেন।
গুরুতর আহত রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার প্রস্তুতি চলছে বলে হাসপাতাল ও বন বিভাগ সূত্রে জানা গেছে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আব্দুল্লাহ আল মামুন বলেন, সরকারি দায়িত্ব পালনকালে বনকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের শনাক্তের কাজও চলছে।
বন বিভাগের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে কয়েকজন সন্দেহভাজনের পরিচয় পাওয়া গেছে।
তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। পাশাপাশি অজ্ঞাত আরও কয়েকজন হামলায় অংশ নিয়েছে বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বনকর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে লোকবল সংকটের কারণে সংরক্ষিত বনাঞ্চলে পর্যাপ্ত নজরদারি সম্ভব হচ্ছে না।
এই সুযোগে একটি চক্র বনভূমি দখল, অবৈধ স্থাপনা নির্মাণ এবং উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করছে। বন বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করলেও অনেক ক্ষেত্রে প্রতিরোধ ও হামলার মুখে পড়তে হচ্ছে।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নেও উচ্ছেদ অভিযান চলাকালে বনকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে।
ধারাবাহিক এসব ঘটনার কারণে মাঠপর্যায়ে কর্মরত বনকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এসআর