[email protected] রবিবার, ২৬ জুলাই ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩

স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে বিজ্ঞান মেলা

চট্টগ্রাম জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬ ৮:১৮ পিএম

সংগৃহীত ছবি

শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা, সৃজনশীলতা ও গবেষণাভিত্তিক চিন্তাধারার বিকাশে চট্টগ্রামের স্বপ্ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়।

এতে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক নানা উদ্ভাবনী প্রকল্প, ব্যবহারিক মডেল এবং গবেষণামূলক প্রদর্শনী উপস্থাপন করে।

প্রতিটি স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনের উদ্দেশ্য, কার্যপ্রণালী ও বাস্তব প্রয়োগ সম্পর্কে দর্শনার্থীদের ধারণা দেন। এসব উপস্থাপনা অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি সিটি কলেজের সাবেক অধ্যাপক মুহাম্মদ শহিদুল হক মণ্ডল।

এতে সভাপতিত্ব করেন অ্যাডহক কমিটির সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ জহুরুল ইসলাম রেজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচলাইশ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ইংরেজি) মুহাম্মদ শাহজাহান, গাউসিয়া কমিটি বাংলাদেশ, ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন খোকন, পূর্ব শহীদ নগর গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক ও সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী সাদ্দাম হোসেন, চাইল্ড হেভেন স্কুলের পরিচালক মো. জাহেদ হোসেন, বিদ্যাপতি আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মুহাম্মদ সাজ্জাদ হোসেন, পূর্ব শহীদ নগর সমাজের উপদেষ্টা এনায়েত আলী খাঁন এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন।

মেলার প্রকল্প মূল্যায়নের দায়িত্বে ছিলেন মনির ডেন্টাল হাসপাতালের পরিচালক ও সমাজসেবক ডা. মুহাম্মদ মনির আজাদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ইঞ্জিনিয়ার আতিকুর রহমান এবং চুয়েটের পরীক্ষা নিয়ন্ত্রক শাখার কর্মকর্তা রুবেল মাহমুদ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব দিন দিন বাড়ছে।

তাই শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং গবেষণার মানসিকতা গড়ে তুলতে বিজ্ঞান মেলার মতো আয়োজন অত্যন্ত কার্যকর।

স্বাগত বক্তব্যে স্বপ্ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুবেল বলেন, বিজ্ঞানভিত্তিক শিক্ষা শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনে সহায়তা করে এবং ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করে।

দিনব্যাপী আয়োজিত এ মেলায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্রকল্প নির্বাচন করে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।

আয়োজকদের মতে, শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা, উদ্ভাবনী সক্ষমতা ও গবেষণার আগ্রহ আরও বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক আয়োজন ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।

 

এসআর

সম্পর্কিত খবর