সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা বাড়াতে সাতক্ষীরার শ্যামনগরে পরিচ্ছন্নতা অভিযান এবং বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুন্দরবন শুধু বাংলাদেশের নয়, এটি বিশ্ব ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ।
তাই বন ও এর জীববৈচিত্র্য সংরক্ষণে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি তরুণদেরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
বিশেষ করে আর্থ স্কাউট সদস্যরা পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।
তারা আরও বলেন, পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক, পলিথিন, বোতলসহ বিভিন্ন ধরনের বর্জ্য এবং মানবসৃষ্ট দূষণ সুন্দরবনের পরিবেশের জন্য বড় হুমকি হয়ে উঠছে।
প্লাস্টিকের ব্যবহার কমানো, পুনঃব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণে উৎসাহ দেওয়া এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে এই ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
জিআইজেডের অর্থায়নে বাস্তবায়িত এ প্রশিক্ষণে উপজেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থ স্কাউট, আর্থ মেন্টর এবং শিক্ষার্থীরা অংশ নেন।
প্রশিক্ষণে মাল্টিমিডিয়ার মাধ্যমে সুন্দরবন সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব, পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের দায়িত্ব এবং আর্থ স্কাউটদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
একই সঙ্গে অংশগ্রহণকারীদের পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলা এবং নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকায় সচেতনতা তৈরিতে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।
প্রশিক্ষণে অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির ইনচার্জ ফরেস্টার মো. জাহিদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইদ্রিস হোসেন এবং ওয়াইল্ডটিমের সমন্বয়কারী মো. আবু জাফর।
প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন ওয়াইল্ডটিমের প্রোগ্রাম অফিসার বায়েজিদ হোসেন ও আলী হুসাইন মুহাম্মদ। এছাড়া ফিল্ড ফ্যাসিলিটেটর সনজিত কুমার মণ্ডল, ওয়াইল্ডটিমের কর্মকর্তা মুজিবুল ইসলাম, আম্বিয়া খাতুন, আর্থ স্কাউট সদস্য ও আর্থ মেন্টররা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ শেষে মূল্যায়নের ভিত্তিতে সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী জাকিয়া জামান এবং পোড়াকাটলা দ্বীপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী প্রিয়ংকা রানী গোল্ডেন ব্যাজ অর্জন করেন।
এছাড়া অংশগ্রহণকারীদের মধ্যে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ ব্যাজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পোড়াকাটলা দ্বীপায়ন মাধ্যমিক বিদ্যালয়, মুন্সিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় এবং গাবুরা চাঁদনীমুখা পরিজান আলিম মাদ্রাসার শিক্ষক, আর্থ স্কাউট সদস্য ও আর্থ মেন্টররা উপস্থিত ছিলেন।
এসআর