ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা পোদ্দার বাজারে ঐতিহ্যবাহী শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
রথযাত্রা উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ও ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
তিনি বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার ভোগ করেন। রথযাত্রা যাতে নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সরকার ও স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উল্টো রথযাত্রা পর্যন্ত সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান।
উৎসব উপলক্ষে কলাকি করছিস কোপা পোদ্দার বাজার এলাকায় বসেছে ঐতিহ্যবাহী গ্রাম্য মেলা। মেলায় কুটির শিল্পের পণ্য, শিশুদের খেলনা, মিষ্টান্ন, গৃহস্থালি সামগ্রীসহ বিভিন্ন ধরনের পণ্যের অসংখ্য দোকান স্থান পেয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশপাশের এলাকা থেকেও বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন ধর্মের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, সম্প্রীতি, ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধকে ধারণ করেই প্রতিবছরের মতো এবারও রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে।
এসআর