[email protected] শুক্রবার, ১০ জুলাই ২০২৬
২৬ আষাঢ় ১৪৩৩

ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক; ৬ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জুলাই ২০২৬ ৯:৪৬ পিএম

সংগৃহীত ছবি

ফরিদপুরের টেপাখোলা এলাকায় সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সরকারি শিশু পরিবার (বালিকা) হোমের এক ১২ বছর বয়সী আশ্রিত কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে শিশু পরিবারের ছয় কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তি সদর উপজেলার আদমপুর গ্রামের বাসিন্দা মো. ওয়াহিদ শেখ (৫৪)। তার বিরুদ্ধে আশ্রিত কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ রয়েছে।

 

মামলার অভিযোগ অনুযায়ী, চলতি বছরের ৫ জানুয়ারি বিকেলে অভিযুক্ত ব্যক্তি চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নির্জন স্থানে নিয়ে যৌন নির্যাতন করেন। পরে ভয়ভীতি প্রদর্শন করে আরও কয়েকবার একই ধরনের অপরাধ সংঘটিত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরই একপর্যায়ে কিশোরী গর্ভবতী হয়ে পড়ে।

 

ঘটনাটি দীর্ঘদিন প্রকাশ্যে না এলেও গত ৬ জুলাই কিশোরীর শারীরিক জটিলতা দেখা দিলে বিষয়টি সামনে আসে। এরপর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

 

এ ঘটনায় সরকারি শিশু পরিবারের নিরাপত্তা ও তদারকি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। আশ্রিত এক কিশোরীর এমন পরিস্থিতি তৈরি হলেও তা সময়মতো কর্তৃপক্ষের নজরে না আসায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

 

সমাজসেবা অধিদপ্তরের এক আদেশে সরকারি শিশু পরিবার (বালিকা) হোমের তত্ত্বাবধায়ক (সহকারী পরিচালক), দুই সহকারী পরিচালক, একজন মেট্রন কাম নার্স এবং একজন কম্পিউটার অপারেটরসহ মোট ছয় কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

স্থানীয় সচেতন মহল দাবি করেছে, শুধু প্রশাসনিক ব্যবস্থা নয়, ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সবার ভূমিকা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে।

 

সমাজসেবা অধিদপ্তরের ফরিদপুর কার্যালয় সূত্র জানায়, বরখাস্ত হওয়া কর্মকর্তাদের স্থলে বিকল্প দায়িত্ব প্রদান করা হয়েছে যাতে প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক থাকে।

 

এ বিষয়ে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এহিয়া তুজ জামান জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট ছয় কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর