বিগত ১৭ বছরে লুটপাটের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে ভঙ্গুর অবস্থায় পরিণত করেছে
ফ্যাসিস্ট আওয়ামী লীগ। সেই বেহাল দশা থেকে উত্তোরণ ঘটিয়ে দেশের জনগণের শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারেক রহমানের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ও ড্যাবের সাবেক মহাসচিব ডাঃ আব্দুস সালাম।
রবিবার (০৫ জুলাই) দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি ডাঃ আব্দুস সালাম বলেন, দেশের মানুষকে উন্নতির সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনেক স্বপ্ন রয়েছে। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এই সরকারের মূল লক্ষ্য। আর সে কারণেই দেশের ইতিহাসে এবারের বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যখাতে সবথেকে বেশি ব্যয় ধরা হয়েছে, যাতে দেশের মানুষ শিক্ষিত হওয়ার পাশাপাশি শতভাগ স্বাস্থ্যসেবা পায়। দেশের কল্যাণে এবং বাংলাদেশকে উন্নতির শিখরে পৌঁছাতে তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।
পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শেষে হরিপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে একটি চেক ও সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এমপি ডাঃ আব্দুস সালাম ক্যান্সার ও জটিল রোগে আক্রান্ত ৯ জন ব্যক্তির মাঝে ৫০ হাজার টাকা করে মোট ৪ লক্ষ ৫০ হাজার টাকার চেক এবং চিকিৎসা ও দুর্যোগ সহায়তার অংশ হিসেবে আরও ২৫ জনকে ৫০ হাজার টাকা করে চেকে অনুদান প্রদান করেন। এছাড়া অসহায় ২ জন ব্যক্তিকে ২টি হুইল চেয়ার, ২০ জন কৃষকের মাঝে স্প্রে মেশিন এবং ২০ জন দরিদ্র নারীর মাঝে ২০টি সেলাই মেশিন বিতরণ করেন তিনি।
হরিপুর উপজেলা নির্বাহী অফিসার চন্দন করের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্যের সহধর্মিণী, হরিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মনিরুল হক খানসহ হরিপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
এসআর