শিশু শ্রম বন্ধ করি, শোভন কার্যপরিবেশ নিশ্চিত করি’—এ প্রতিপাদ্য সামনে রেখে কক্সবাজারে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে পর্যটন এলাকার সুবিধাবঞ্চিত ও বিভিন্ন পেশায় নিয়োজিত শিশুদের অংশগ্রহণে সচেতনতামূলক এ কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার (২৯ জুন) সকালে হোটেল-মোটেল ও কটেজ জোনের লাইট হাউস এলাকায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন পিভিএইচপি প্রকল্প, মহিলা বিষয়ক অধিদপ্তর কক্সবাজার এবং কক্সবাজার নারী ও শিশু উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক সুব্রত বিশ্বাস। তিনি বলেন, শিশুদের নিরাপদ শৈশব, শিক্ষা এবং অধিকার নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সব শ্রেণির মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত না করে তাদের বিকাশের উপযোগী পরিবেশ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
কক্সবাজার নারী ও শিশু উন্নয়ন সংস্থার সভাপতি মনোয়ারা পারভিন বলেন, পর্যটননগরী কক্সবাজারে এখনও উল্লেখযোগ্য সংখ্যক পথশিশু ও শ্রমজীবী শিশু রয়েছে। তাদের শিক্ষা, নিরাপত্তা এবং মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।
পিভিএইচপি প্রকল্পের চাইল্ড রাইটস অফিসার মো. কামরুল হাসান বলেন, পর্যটন এলাকায় শিশু সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও এখনো অনেক শিশুকে ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত করা হচ্ছে। শিশু শ্রম প্রতিরোধে বিদ্যমান আইন কার্যকরভাবে বাস্তবায়ন এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর তিনি গুরুত্ব দেন।
কর্মসূচিতে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশু, সুবিধাবঞ্চিত পথশিশু, স্থানীয় নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আয়োজকরা জানান, শিশু শ্রমমুক্ত সমাজ গঠন এবং শিশুদের অধিকার সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এসআর