নেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের কালিহরকান্দা গ্রামের পাশের কালিহর নদী থেকে এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৯ জুন) সকাল আনুমানিক ৮টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, সকালে নদীতে একটি নবজাতকের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান (পিপিএম) ও উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে জানা গেছে, মরদেহটি একটি নবজাতক কন্যাশিশুর। সেটি একটি কালো কাপড়ে মোড়ানো ছিল এবং লাল রঙের রশি দিয়ে একটি ইটের সঙ্গে বাঁধা অবস্থায় পাওয়া যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি পানির নিচে ডুবিয়ে রাখার উদ্দেশ্যে এভাবে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। তবে কীভাবে শিশুটির মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি নবজাতকের পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
এসআর