[email protected] বৃহঃস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে যুক্ত হলেন জেলার দুই সংসদ সদস্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬ ৪:৩৩ এএম

সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ও ড. মো. জালাল উদ্দিন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে চাঁদপুর জেলার দুই সংসদ সদস্যকে মনোনীত করা হয়েছে।

জাতীয় সংসদের স্পিকারের মনোনয়নের ভিত্তিতে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের স্পিকারের শাখা-১ থেকে ১৫ জুলাই ২০২৬ তারিখে জারি করা এক অফিস আদেশে জানানো হয়, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ এবং চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

আদেশ অনুযায়ী, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০-এর সংশ্লিষ্ট বিধানের আলোকে এ মনোনয়ন দেওয়া হয়েছে। বিষয়টি বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও নীতিনির্ধারণী কার্যক্রমে সিন্ডিকেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একাডেমিক কার্যক্রম, প্রশাসনিক সিদ্ধান্ত এবং উন্নয়ন পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে এ সংস্থার সিদ্ধান্ত কার্যকর হয়।

সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, নতুন দুই সদস্যের অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনবে এবং উচ্চশিক্ষার পরিবেশ আরও শক্তিশালী করতে সহায়ক হবে।

 

এসআর

সম্পর্কিত খবর