[email protected] বৃহঃস্পতিবার, ৯ জুলাই ২০২৬
২৫ আষাঢ় ১৪৩৩

ভারী বর্ষণে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ে জলাবদ্ধতা, পরীক্ষা স্থগিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ৯ জুলাই ২০২৬ ১২:৩৩ পিএম

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় টানা তিন দিনের ভারী বর্ষণে কটিয়াদী সরকারি পাইলট

 বালক উচ্চ বিদ্যালয়ে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের মাঠ, শ্রেণিকক্ষ ও শিক্ষক মিলনায়তনে হাঁটু সমান পানি জমে যাওয়ায় স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে এবং চলমান অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। শুধু এই বিদ্যালয়ই নয়, বৈরী আবহাওয়ার কারণে উপজেলার আরও বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

​সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের বিশাল খেলার মাঠটি পানিতে নিমজ্জিত থাকায় শিক্ষক-শিক্ষার্থী এবং পাশের মসজিদের মুসল্লিদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিদ্যালয়টিতে কার্যকর কোনো ড্রেনেজ সিস্টেম না থাকায় সামান্য বৃষ্টিতেই স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়, যা বিদ্যালয়ের পরিবেশকে অস্বাস্থ্যকর করে তুলছে এবং মশার উপদ্রব বাড়ায় শিক্ষার্থীদের ডেঙ্গুসহ বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকিতে ফেলছে। টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বৃষ্টি থামলেও বিদ্যালয় প্রাঙ্গণের পানি সরছে না। এই বৈরী পরিস্থিতিতে সড়কগুলোতে পানি জমে থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ ও পোশাকশ্রমিকরা।

​বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক ও সাংবাদিক হামিদ হাসান জানান, রাস্তা ও স্কুলে পানি জমে থাকায় সন্তানদের নিয়ে চরম ভোগান্তি ও ঝুঁকিপূর্ণ যাতায়াতের শিকার হতে হচ্ছে, যা বাচ্চাদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। অন্যদিকে পরীক্ষার্থীরা জানায়, পরীক্ষার মানসিক চাপের মধ্যে এই প্রতিকূল আবহাওয়া এবং ভিজে কাপড়ে কেন্দ্রে পৌঁছানো তাদের আরও বেশি বিপর্যস্ত করে তুলেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে, দীর্ঘদিন ধরে এই সমস্যা চলে আসলেও তা নিরসনে স্থায়ী কোনো উদ্যোগ নেওয়া হয়নি; তারা দ্রুত আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ জানান, পানি জমার কারণে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়ায় পরীক্ষা স্থগিতের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে এবং শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশের জন্য দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন অপরিহার্য।

এসআর

সম্পর্কিত খবর