ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের তুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিশু শ্রেণির এক
ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশু জান্নাত (৫) তুল্লাপাড়া গ্রামের আব্দুল বাছিরের মেয়ে। আটক তরুণীর বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ক্লাস চলাকালীন সুমাইয়া আক্তার স্কুলে প্রবেশ করে নিজেকে ‘খালা’ পরিচয় দিয়ে জান্নাতকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। শিক্ষকদের সন্দেহ হলে তারা শিশুটির মাকে খবর দেন এবং মা এসে জানান যে ওই তরুণী তাদের পরিচিত নন। পরে স্থানীয়রা তাকে আটকে নাসিরনগর থানা পুলিশের কাছে সোপর্দ করে। নাসিরনগর থানার ওসি শাহীনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক তরুণী পুলিশ হেফাজতে রয়েছে। স্কুল কর্তৃপক্ষ অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং শিশুটিকে নিরাপদে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআর