পঞ্চগড়ের দেবীগঞ্জে মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে মাঠে কাজ করতে গিয়ে পৃথক
স্থানে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে দেবীগঞ্জ সদর ইউনিয়ন ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—দেবীগঞ্জ সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সোনাহার মালচন্ডি পশ্চিম তেলিপাড়া এলাকার খাদিমুল ইসলামের ছেলে মামুন ইসলাম (৩২) এবং দণ্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকার লাল চাঁন মিয়ার ছেলে আকাবর খান (৫৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেলা ১১টা ৪০ মিনিটে নিজের জমিতে পাট কাটার সময় বজ্রপাতে গুরুতর আহত হন মামুন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে দেবীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আতিকুর রহমান মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, একই সময়ে দণ্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান আকাবর খান। দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুসা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় পৃথক দুটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে এবং বর্ষা মৌসুমে বজ্রপাতের সময় সবাইকে মাঠে কাজ করা থেকে বিরত থেকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
এসআর