কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে রাজশাহী
থেকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকদের একাংশ। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করাকে কেন্দ্র করে সৃষ্ট এই দ্বন্দ্বের জেরে আকস্মিক কর্মবিরতি শুরু হওয়ায় নওদাপাড়া ও শিরোইল বাস টার্মিনালে এসে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
ন্যাশনাল ট্রাভেলসসহ বিভিন্ন বাস কাউন্টার ইতিমধ্যে টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছে এবং বাস চলাচল কখন স্বাভাবিক হবে তা নিশ্চিত করে জানাতে পারেনি। সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল শুধু উপজেলা পর্যায়ের বাস বন্ধ থাকার দাবি করলেও, বিভিন্ন কাউন্টার সূত্রে জানা গেছে সব রুটের বাস চলাচলই কার্যত বন্ধ রয়েছে।
এই অচলাবস্থার সূত্রপাত হয় গত সোমবার বিকেলে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায়। সেখানে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন আয়োজনের জন্য পাঁচ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়, যাতে জেলা প্রশাসন, শ্রম অধিদপ্তর, মহানগর পুলিশ এবং শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা চলছিল। তবে এই কমিটিতে বাস মালিক সমিতির প্রতিনিধি রাখার প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন শ্রমিক ইউনিয়নের সদস্য এরশাদ আলী পল্টু। এ নিয়ে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালের সঙ্গে তার তুমুল বাকবিতণ্ডা ও হট্টগোল শুরু হলে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠকটি ভণ্ডুল হয়ে যায়। এরপরই তাৎক্ষণিকভাবে বাস বন্ধ করার ঘোষণা দেওয়া হয় এবং তারই ধারাবাহিকতায় আজ সকাল থেকে আবারও পুরোপুরি ধর্মঘট শুরু করে শ্রমিকদের একটি অংশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বাস চলাচল স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।
এসআর