বৈরী আবহাওয়ার মধ্যে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে একটি ফিশিং ট্রলার ডুবে পাঁচ জেলের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আরও সাতজন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় ডুবে যাওয়া ট্রলার থেকে নিখোঁজ পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন— কুতুবদিয়া উপজেলার দক্ষিণ অমজাখালীর নাছির উদ্দীন (২০), পেকুয়ার মগনামা ইউনিয়নের কাগপাড়ার নাছির উদ্দীন (২১), একই এলাকার মো. করিম (২১), আইয়ুব মনির (২০) এবং কুতুবদিয়ার আলী আকবর ডেইল হায়দারপাড়ার কামাল (৪৮)।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ অমজাখালী এলাকার নুরুল আবছারের মালিকানাধীন এফবি ফকিরা মসজিদ নামের ট্রলারটি ১২ জন মাঝি-মাল্লাকে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায়। সোমবার ভোরে সাগর উত্তাল হয়ে উঠলে ট্রলারটি ডুবে যায়।
কুতুবদিয়া মৎস্য ফেডারেশনের সভাপতি আবুল কালাম জানান, দুর্ঘটনার পর সাতজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও পাঁচজন নিখোঁজ ছিলেন। পরে স্থানীয় জেলেরা তল্লাশি চালিয়ে বিকেলে ট্রলারটির অবস্থান শনাক্ত করেন এবং সন্ধ্যায় সেখান থেকে নিখোঁজদের মরদেহ উদ্ধার করা হয়।
কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে ট্রলারটি ডুবে যায়। প্রথমে সাতজন জেলে প্রাণে বাঁচলেও পাঁচজন নিখোঁজ ছিলেন। পরবর্তীতে উদ্ধার অভিযানে তাদের মরদেহ ট্রলারের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে।
এসআর