কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের জুমছড়ি এলাকায় একটি তালাবদ্ধ ফ্ল্যাটে যৌথ অভিযান চালিয়ে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সোমবার (১৩ জুলাই) বিকেল ৩টার দিকে পরিচালিত এ অভিযানে ফ্ল্যাটটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়।
পরে আইনানুগ প্রক্রিয়ায় তালা ভেঙে ভেতরে তল্লাশি চালানো হলে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ফ্ল্যাটে কোনো ব্যক্তি উপস্থিত না থাকায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার এবং ডিএনসির একটি যৌথ দল অভিযান পরিচালনা করে। তল্লাশির একপর্যায়ে ফ্ল্যাটের ভেতর থেকে ৫৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা। উদ্ধার হওয়া মাদক জব্দ করে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, মাদক পাচার ও অবৈধ মাদক ব্যবসা দমনে বাংলাদেশ কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসআর