সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
এ বছর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ট্যালেন্টপুলে ৫৬ জন এবং সাধারণ গ্রেডে ১০৫ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা ২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছে। এর মধ্যে ২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৩টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। অন্যদিকে সাধারণ বৃত্তি পেয়েছে ৫৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এর মধ্যে ৫৭টি সরকারি এবং ২টি বেসরকারি প্রতিষ্ঠান।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ট্যালেন্টপুলে সরকারি বিদ্যালয় থেকে ৫৩ জন এবং বেসরকারি প্রতিষ্ঠান থেকে ৩ জন নির্বাচিত হয়েছে। সাধারণ গ্রেডে সরকারি প্রতিষ্ঠানের ১০০ জন ও বেসরকারি প্রতিষ্ঠানের ৫ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।
ট্যালেন্টপুলে সবচেয়ে বেশি ৯ জন করে বৃত্তি পেয়েছে ৭৫ নম্বর নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১৭ নম্বর নুরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া ১৩ নম্বর হায়বাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ জন, ২৫ নম্বর মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৪ জন এবং ৭৬ নম্বর পাতড়াখোলা ও ৪ নম্বর কাশিমাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৩ জন করে শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে।
এ ছাড়া ৫৬ নম্বর ভূরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব কাশিমাড়ী ঝাপালি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২ জন করে শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। উপজেলার আরও কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একজন করে শিক্ষার্থী ট্যালেন্টপুলে নির্বাচিত হয়েছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শ্যামনগর মডার্ন স্কুল থেকে ৩ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে।
এসআর