নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
রোববার (১২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে শহরের জয়নগর এলাকায় অবস্থিত জেলা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।
নিহত সজীব মিয়া শহরের আমগাছতলা এলাকার বাসিন্দা এবং পেশায় একজন পিকআপচালক। তিনি শুকুর আলীর ছেলে।
স্বজনদের দাবি, রোববার সন্ধ্যায় গ্যাসজনিত তীব্র ব্যথা অনুভব করলে সজীবকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পরে তার শারীরিক অবস্থার অবনতি হলেও বিদ্যুৎ বিভ্রাটের কারণে যথাসময়ে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়নি।
তাদের অভিযোগ, চিকিৎসায় অবহেলার কারণেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর স্বজন ও স্থানীয় লোকজন হাসপাতালে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ক্ষুব্ধ কয়েকজন হাসপাতালের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মাজহারুল ইসলাম বলেন, হাসপাতাল সবসময় রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে।
চিকিৎসায় কোনো ধরনের গাফিলতির অভিযোগ উঠলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে হাসপাতালের কিছু সেবাগত সীমাবদ্ধতা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, নিহতের স্বজনদের সঙ্গে তার কথা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
তদন্তে চিকিৎসকের অবহেলার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পাশাপাশি রোগীর স্বজনদের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
এসআর