নীলফামারীর ডোমার উপজেলায় একটি ব্যাটারিচালিত ভ্যানকে ট্রাকের ধাক্কায় মা ও তার দুই শিশুসন্তানসহ চারজনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (১২ জুলাই) বিকেল প্রায় ৩টার দিকে ডোমার-জলঢাকা মহাসড়কের মটকুপুর এলাকার নদীয়া অংশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভ্যানচালক পরিমল বর্মন (৪০), প্রতিমা রানী (২৮) এবং তার দুই ছেলে পিতোষা (৮) ও যাদব (৪)। তাদের সবার বাড়ি উপজেলার নাদিয়াপাড়া এলাকায়।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, যাত্রীবাহী ব্যাটারিচালিত ভ্যানটি মহাসড়ক দিয়ে চলার সময় পেছন থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই প্রতিমা রানীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক ভ্যানচালক পরিমল বর্মন এবং দুই শিশু পিতোষা ও যাদবকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদুল হাসান জানান, দুর্ঘটনায় আহত ও নিহতদের হাসপাতালে আনা হলে চারজনকে মৃত পাওয়া যায়। অপর আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উচ্চতর চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও ভ্যান জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
এসআর