কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও অক্সিজেনের মাত্রা বাড়াতে
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়েছে। ‘গাছে গাছে ভরবো দেশ, সবুজ হবে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে সামাজিক সংগঠন ‘চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশন’ প্রতি বছরের মতো এবারও এই কর্মসূচির আয়োজন করে। রোববার জগন্নাথ ইউনিয়নের সোনাপুর গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিলা মাদরাসা, কওমী মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে এই গাছ রোপণ ও বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন নয়নের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী ব্যবসায়ী এবং জাহাঙ্গীর আলম সাহেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ রাসেল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আবদুল মমিন, আবুল হাশেম, মোঃ এমদাদ উল্যাহ, নুর মোহাম্মদ সুমন, পরিচালক মোঃ রাফি, সদস্য আবদুল হাকিম মামুন, মডারেটর কিরন, মোহন, রাকিব এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি আবুল কালাম আজাদ রাসেল বলেন, মানুষের বেঁচে থাকার জন্য যেমন রক্তের প্রয়োজন, তেমনি অক্সিজেনের বিকল্প নেই। গাছ রোপণের মাধ্যমে সেই অক্সিজেনের ঘাটতি পূরণ হয়। চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশন রক্তদানের পাশাপাশি পরিবেশ রক্ষায় যে মহৎ উদ্যোগ নিয়েছে, তাতে সবার সহযোগিতা করা উচিত।
সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন নয়ন জানান, ২০২০ সালের ৮ জুন প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত তারা বিভিন্ন জটিলতায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের জন্য মোট ২ হাজার ৯৪২ ব্যাগ রক্ত সংগ্রহ ও দান করেছেন। রক্তদানের পাশাপাশি মানবিক ও সামাজিক দায়িত্ববোধ থেকে প্রতি বছরই তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছেন।
এসআর