[email protected] শনিবার, ১১ জুলাই ২০২৬
২৭ আষাঢ় ১৪৩৩

বন্যা পরিস্থিতিতে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জুলাই ২০২৬ ৬:৪৫ পিএম

সংগৃহীত ছবি

চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের সব পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১১ জুলাই) এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, দুর্যোগ পরিস্থিতি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনকে দুর্গত মানুষের পাশে থেকে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এর আগে প্রতিকূল আবহাওয়া ও বন্যার কারণে শুক্রবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার শনিবারের নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছিল।

 

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত একটি ভার্চুয়াল বৈঠকে বন্যা পরিস্থিতি বিবেচনায় ১৬ জুলাই পর্যন্ত সব ধরনের পরীক্ষা বন্ধ রাখার নীতিগত সিদ্ধান্ত হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে।

 

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা এই সিদ্ধান্তের আওতায় থাকবেন।

এসআর

সম্পর্কিত খবর