জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন, দেশে ভোট কারচুপির সংস্কৃতি অতীতেও ছিল, বর্তমানেও তা অব্যাহত রয়েছে।
তার অভিযোগ, ২০২৪ সালের নির্বাচনে ভোটের ফল ঘোষণার পরও কারচুপি হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে নোয়াখালীর মাইজদীতে আয়োজিত এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে ভোটের ফল প্রকাশের আগেই অনিয়মের অভিযোগ উঠেছিল। তার ভাষ্য, ২০২৪ সালে সেই ধারা ভিন্নভাবে দেখা গেছে, যেখানে ফল ঘোষণার পর ভোটের ফলাফল নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
তিনি আরও দাবি করেন, গণভোটে অধিকাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিলেও বিএনপি সেই জনসমর্থনের প্রতিফলন হতে দেয়নি। এ অভিযোগ তুলে তিনি বলেন, ভোট কারচুপির ধরন পরিবর্তন হলেও এর চর্চা বন্ধ হয়নি।
বিএনপির উদ্দেশে তিনি বলেন, জনগণ ও তরুণদের প্রত্যাশা উপেক্ষা করে কার্যকর সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোকে জনগণের মতামতের প্রতি সম্মান দেখিয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
কর্মসংস্থান প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হলেও ছয় মাসে নতুন কোনো উল্লেখযোগ্য নিয়োগ বা কর্মসংস্থানের উদ্যোগ দৃশ্যমান হয়নি।
বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও সমালোচনা করে তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার অভিযোগ রয়েছে। সরকারের দাবি ও মাঠপর্যায়ের বাস্তবতার মধ্যে পার্থক্য রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
এসআর