ঢাকায় কর্মরত চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের সংগঠন চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা (সিজেএফডি) নতুন নেতৃত্ব নির্বাচন করেছে।
সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে নতুন কার্যনির্বাহী কমিটির দায়িত্ব ঘোষণা করা হয়।
বুধবার (৮ জুলাই) রাজধানীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এজিএম ও নির্বাচনে জাতীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকরা ভোটাধিকার প্রয়োগ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি ও দৈনিক খবরের কাগজের সিটি এডিটর আব্দুল্লাহ আল মামুন। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং লাইফ টিভির সম্পাদক আনোয়ার হক।
নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোবারক হোসেন। সাধারণ সম্পাদক হয়েছেন সবুজ আহমেদ। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন দৈনিক ভোরের কাগজের কান্ট্রি এডিটর (অনলাইন) মীম ওবাইদুল্লাহ।
এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার মেসবাহুল হক।
অর্থ সম্পাদক হয়েছেন দৈনিক খবরের কাগজের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী।
দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ কণ্ঠ-এর সিনিয়র রিপোর্টার তাসকিনা ইয়াসমিন। প্রচার, প্রকাশনা ও গবেষণা সম্পাদক নির্বাচিত হয়েছেন মুহূর্ত নিউজের সম্পাদক শাহানাত হোসেন মাসুম।
১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হক, বিদায়ী সভাপতি আব্দুল্লাহ আল মামুন, দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক ফাইজুল ইসলাম, খবরের কাগজের সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলম, মানবজমিনের সিনিয়র রিপোর্টার মো. আল আমিন, নক্শী ডট টিভির সম্পাদক মো. মামুনুর রশিদ এবং একাত্তর টেলিভিশনের রিপোর্টার সৈয়দ রাশিদুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং যুক্তরাষ্ট্রের ইস্টার্ন নিউ মেক্সিকো ইউনিভার্সিটির যোগাযোগ বিভাগের সহকারী অধ্যাপক মুহা. খাদিমুল ইসলাম।
নবনির্বাচিত নেতারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সদস্যদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্ভাবনা ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, ঢাকায় কর্মরত চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য জোরদার এবং জেলার উন্নয়ন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্য নিয়ে ২০১৪ সালের ১৮ জুন চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা প্রতিষ্ঠিত হয়।
এসআর