ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ আজিজুল হক দুলাল (৫২)
নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভূল্লী থানাধীন ১নং বড়গাঁও ইউনিয়নের জালালী গ্রামে আসামির নিজ বসতবাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।
তল্লাশিকালে সাক্ষীদের উপস্থিতিতে পলিথিনে মোড়ানো তিনটি প্যাকেট থেকে মোট ৬ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজিজুল হক দুলাল ওই গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামিকে বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর ৪টা ৫ মিনিটে ভূল্লী থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের ওয়ারেন্ট অফিসার মো. হাফিজুর রহমান বাদী হয়ে ভূল্লী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার টেবিল-১৯(খ) অনুযায়ী একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।
এসআর