[email protected] বুধবার, ৮ জুলাই ২০২৬
২৪ আষাঢ় ১৪৩৩

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মাদ্রাসা চাপা, নিহত বেড়ে ৮

কক্সবাজার জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৮ জুলাই ২০২৬ ৮:১৬ পিএম

সংগৃহীত ছবি

কক্সবাজারের উখিয়া উপজেলার একটি রোহিঙ্গা আশ্রয়শিবিরে টানা ভারী বৃষ্টির মধ্যে পাহাড়ধসের ঘটনায় সাত শিক্ষার্থীসহ মোট আটজনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় অন্তত ২৭ জন আহত হয়েছেন। উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


বুধবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৩ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রবল বর্ষণের সময় হঠাৎ পাহাড়ের একটি বড় অংশ ধসে পাশের মাদ্রাসা ও হিফজখানার ওপর পড়ে। মুহূর্তেই ভবনটি মাটিচাপা পড়ে যায়। ওই সময় সেখানে বহু শিশু কোরআন শিক্ষা নিচ্ছিল। দুর্ঘটনার পর আটকে পড়াদের উদ্ধারে স্থানীয় রোহিঙ্গারা প্রথমে খালি হাতে অভিযান শুরু করেন।

পরে ফায়ার সার্ভিস, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন মানবিক সংস্থার সদস্যরা উদ্ধারকাজে যোগ দেন।


শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান জানান, এখন পর্যন্ত আটজনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মধ্যে সাতজন শিক্ষার্থী এবং একজন শিক্ষক রয়েছেন। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত হওয়া সম্ভব নয়।


ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থল থেকে আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কক্সবাজার সদর হাসপাতাল এবং অন্যান্য চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর।


উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা রয়েছে। তাই উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজও চলছে।


কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালিত হচ্ছে। একই সঙ্গে টানা বর্ষণের কারণে উখিয়া ও টেকনাফের পাহাড়ঘেঁষা ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার এবং প্রয়োজন হলে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর