[email protected] মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
২৩ আষাঢ় ১৪৩৩

দিনাজপুরের বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু, বাবা হাসপাতালে

দিনাজপুর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৭ জুলাই ২০২৬ ১২:৫৩ পিএম

সংগৃহীত ছবি

দিনাজপুরের বীরগঞ্জে ডাক্তার দেখাতে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ

 হারিয়েছেন মা ও তার ৩ বছরের শিশু সন্তান। আজ ৭ জুলাই (মঙ্গলবার) ভোর সাড়ে ৫টার দিকে বীরগঞ্জ উপজেলার ৮ নং ভোগনগর ইউনিয়নের ভাবকী পাঁচপীর এলাকায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন— দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়নের মালগ্রামের বাসিন্দা মোঃ নাজমুল ইসলামের স্ত্রী ফাহিমা আক্তার (২৮) এবং তাদের ছেলে মোঃ আব্দুল্লাহ (৩)। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও নিহত শিশুর বাবা মোঃ নাজমুল ইসলাম (৩২) গুরুতর আহত হয়ে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

​দশমাইল হাইওয়ে থানার এসআই জিল্লুর রহমান জানান, ভোরে নাজমুল ইসলাম তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও জেলার উত্তর গড়েয়া এলাকায় একজন হোমিওপ্যাথিক ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। পথে ভাবকী পাঁচপীর এলাকায় পৌঁছালে পেছন থেকে ঠাকুরগাঁওগামী একটি দ্রুতগতির মাছের পিকআপ তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

​ধাক্কায় তারা মহাসড়কে ছিটকে পড়লে পিকআপটি মা ও ছেলের শরীরের ওপর দিয়ে পিষে দিয়ে পালিয়ে যায়। ভোরবেলা হওয়ায় এবং রাস্তায় মানুষজন না থাকার সুযোগে চালক পিকআপটি নিয়ে দ্রুত কেটে পড়ে।

​খবর পেয়ে বীরগঞ্জ থানার রাত্রিকালীন হাইওয়ে ডিউটির অফিসার এসআই দেবাশীস রায় পুলিশ ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর হতাহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

​হাসপাতালের চিকিৎসক ডা. আবু বক্কর সিদ্দীক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মা ও শিশুর মৃত্যু হয়েছিল। আহত নাজমুল ইসলামের চিকিৎসা চলছে।

​বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মরদেহ হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, হাইওয়ে থানার ওসি নির্মল চন্দ্র মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং এই ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর