বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) প্রকাশিত আবহাওয়া বুলেটিনে জানানো হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর আশপাশের উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বায়ুচাপের তারতম্য বৃদ্ধি পেয়েছে। ফলে এসব এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, বিরূপ আবহাওয়ার কারণে চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সমুদ্রে না গিয়ে উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, লঘুচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলে আকাশ মেঘলা থাকতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নতুন কোনো নির্দেশনা জারি হলে তা আবহাওয়া বুলেটিনের মাধ্যমে জানানো হবে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি থাকলে সমুদ্রবন্দর ও উপকূলসংলগ্ন এলাকায় আবহাওয়া অস্থির থাকতে পারে। তাই ছোট নৌযান ও ট্রলারকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে এবং গভীর সমুদ্রে থাকা নৌযানগুলোকে নিরাপদ স্থানে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।
এসআর