[email protected] শনিবার, ৪ জুলাই ২০২৬
২০ আষাঢ় ১৪৩৩

রাজারহাটে পিকআপ-সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৪

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৪ জুলাই ২০২৬ ৯:৫৬ পিএম

সংগৃহীত ছবি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় একটি গ্যাসবাহী পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

 দুর্ঘটনায় অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।

শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

 

নিহত ব্যক্তি এরশাদ আলী (৪০)। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার বালিয়াপুর এলাকার বাসিন্দা। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিপরীত দিক থেকে আসা গ্যাসবাহী পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সরাসরি সংঘর্ষ হলে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

 

দুর্ঘটনায় আহত হয়েছেন মিজানুর রহমান, রবিউল ইসলাম, শফিউর রহমান এবং অটোরিকশাচালক দুলু। তাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এসআর

সম্পর্কিত খবর