[email protected] শনিবার, ৪ জুলাই ২০২৬
২০ আষাঢ় ১৪৩৩

স্বাস্থ্যখাতে দুর্নীতিতে বদলি নয়, চাকরিচ্যুতির হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ জুলাই ২০২৬ ৬:৩১ পিএম

সংগৃহীত ছবি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্যসেবায় দুর্নীতি, ঘুষ ও দায়িত্বে অবহেলার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

অনিয়মে জড়িতদের শুধু বদলি করা হবে না, প্রয়োজনে সরাসরি চাকরি থেকে অপসারণের ব্যবস্থা নেওয়া হবে।

 

শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

মন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে সুশাসন প্রতিষ্ঠাই সরকারের অন্যতম অগ্রাধিকার। এজন্য সততা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্নীতি ও ঘুষের কোনো সুযোগ রাখা হবে না এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

তিনি জানান, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার করে সেখানে আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।

পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোর সেবার মানও উন্নত করা হবে। চলতি বছর থেকেই স্বাস্থ্যখাতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে বলেও তিনি উল্লেখ করেন।

 

বাজেট প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবারের বাজেট শুধু অর্থ বরাদ্দের নয়, এটি আদর্শভিত্তিক একটি বাজেট। এর প্রতিটি উদ্যোগ স্বচ্ছতা ও দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়নের চেষ্টা করা হবে।

 

নরসিংদী মেডিকেল কলেজের বিষয়ে তিনি জানান, এ বছর ৫০ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষাকার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে নরসিংদী নার্সিং ইনস্টিটিউটে ক্লাস পরিচালিত হবে।

আর নার্সিং ইনস্টিটিউটের ক্লাস চলবে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের নতুন ভবনে। মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি নির্ধারণের কাজ চলছে এবং দ্রুতই ভবন নির্মাণ শুরু করার পরিকল্পনা রয়েছে।

 

তিনি আরও বলেন, চীনের সহযোগিতায় দেশে যে ১৮টি আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, তার একটি নরসিংদীতে স্থাপনের পরিকল্পনা রয়েছে। হাসপাতালটি শহরের আশপাশে নির্মাণের চেষ্টা করা হবে।

 

নরসিংদীর জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও ডায়াবেটিক সমিতির সদস্যরা।

এসআর

সম্পর্কিত খবর