সাপ্তাহিক ছুটির দিনে তীব্র গরমকে উপেক্ষা করে চট্টগ্রাম নগরের ঐতিহ্যবাহী ডিসি হিলে ভিড় করেছেন নানা বয়সী মানুষ।
বিকেলের দিকে রোদের তীব্রতা কিছুটা কমে এলে মানুষের আনাগোনা বাড়তে থাকে।
কেউ খোলা পরিবেশে হাঁটাহাঁটি করেন, কেউ গাছের ছায়ায় বসে গল্পে মেতে ওঠেন। অনেককে আবার স্মৃতিবন্দি করতে ছবি তুলতেও দেখা যায়। শিশুদের দৌড়ঝাঁপ ও আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো ডিসি হিল।
ঘুরতে আসা কয়েকজন দর্শনার্থী জানান, সপ্তাহজুড়ে কর্মব্যস্ততার পর ছুটির দিনে পরিবারের সঙ্গে কিছুটা নিরিবিলি সময় কাটানোর জন্য ডিসি হিল তাদের অন্যতম পছন্দের জায়গা। প্রচণ্ড গরম থাকলেও সবুজ পরিবেশ ও উন্মুক্ত বাতাস কিছুটা স্বস্তি এনে দেয়।
দর্শনার্থীদের ভিড়কে ঘিরে সরগরম হয়ে ওঠে ভ্রাম্যমাণ খাবারের দোকানগুলোও।
আইসক্রিম, শরবত, ফুচকা, চটপটি ও বিভিন্ন হালকা খাবারের স্টলে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। বিক্রেতারা জানান, ছুটির দিনের বিকেলে তাদের বিক্রি সাধারণ দিনের তুলনায় অনেক বেশি হয়।
চট্টগ্রাম নগরের জনপ্রিয় উন্মুক্ত বিনোদনকেন্দ্রগুলোর মধ্যে ডিসি হিল অন্যতম।
প্রতি সাপ্তাহিক ছুটির দিনেই এখানে বিভিন্ন বয়সী মানুষের সমাগম ঘটে। শুক্রবারও ব্যতিক্রম হয়নি।
গরমের মধ্যেও প্রকৃতির সান্নিধ্যে কিছুটা স্বস্তি খুঁজতে নগরবাসীর উপস্থিতিতে প্রাণ ফিরে পায় পুরো এলাকা।
এসআর