পঞ্চগড়ের বোদা উপজেলায় মোটরসাইকেলে বাবা-মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের
ধাক্কায় খুশি রানী (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় শিশুটির বাবা-মাও আহত হয়েছেন। গত বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে পঞ্চগড়-দিনাজপুর মহাসড়কের ময়দানদিঘী হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত খুশি রানী বোদা উপজেলার ৬ নম্বর মাড়েয়া বামন হাট ইউনিয়নের বান্দেরপাড় গ্রামের কুকিল চন্দ্র ও সুরমা রানী দম্পতির মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পঞ্চগড় থেকে মোটরসাইকেলে বাবা-মায়ের সঙ্গে নিজ বাড়ি ফিরছিল শিশু খুশি রানী। পথে ময়দানদিঘী হাইওয়ে থানার সামনে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক্টর তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেলে থাকা তিনজনই সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় শিশুটি ট্রাক্টরের চাকার নিচে পিষ্ট হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বোদা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর পরই ঘাতক ট্রাক্টরটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এসআর