জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ
জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখা। আজ বৃহস্পতিবার (২রা জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস, ইঞ্জিনিয়ার আবদুল বাকী, দেওয়ান খোরশেদ আলম, মাওলানা মুজিবুর রহমান মিয়াজী, মুফতি জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন উপজেলা ও থানা আমীরবৃন্দ।
লিখিত বক্তব্যে জেলা আমীর বলেন, ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগ সরকার আইন, গণতন্ত্র ও মানবাধিকার ধ্বংস করে একদলীয় দুঃশাসন কায়েম করেছিল। গুম ও খুনের রাজত্ব তৈরি করে দেশকে আতঙ্কের জনপদে পরিণত করা হয়েছিল। বিরোধী মতের হাজার হাজার নেতা-কর্মী দলটির জুলুমের শিকার হয়েছেন। ২০১৮ সালে ছাত্রদের আন্দোলনের মুখে কোটা প্রথা বাতিল হলেও ২০২৪ সালে তা পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। এর প্রতিবাদে ২০২৪ সালের ১লা জুলাই থেকে শুরু হওয়া ছাত্র-জনতার আন্দোলন নির্মমভাবে দমনের চেষ্টা করে তৎকালীন সরকার।
তিনি আরও বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী এই আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রায় সাড়ে ১৪শ মানুষ শহীদ হন এবং প্রায় ৩০ হাজার মানুষ গুরুতর আহত হন। তবে সব বাধা উপেক্ষা করে ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন এবং দেশ ফ্যাসিবাদমুক্ত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির আলোকে নারায়ণগঞ্জ জেলা জামায়াত নিম্নলিখিত মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে:
০৪ জুলাই: ১১ দলীয় ঐক্য ঘোষিত বিক্ষোভ সমাবেশে সমর্থন ও অংশগ্রহণ।
০৫-২০ জুলাই: থানা ও ইউনিয়নের উদ্যোগে জুলাই বিপ্লব বার্ষিকীর আলোচনা সভা।
১৩ জুলাই: 'জুলাই সনদ বাস্তবায়ন' শীর্ষক সেমিনার।
২৩-২৫ জুলাই: উপজেলা ও থানা ভিত্তিক জুলাই আন্দোলনের চিত্র প্রদর্শনী।
২৯ জুলাই: জেলা জামায়াতের উদ্যোগে শহীদ পরিবার ও আহতদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা।
০১ আগস্ট: উপজেলা ভিত্তিক গণমিছিল।
০২-০৪ আগস্ট: শ্রমিকদের উদ্যোগে বিশেষ কর্মসূচি পালন।
০৫ আগস্ট: ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও মিছিলে সমর্থন ও অংশগ্রহণ।
সংবাদ সম্মেলন থেকে ঘোষিত এই কর্মসূচিগুলো সফল করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়।
এসআর