মেহেরপুরের গাংনী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্কুল ফিডিং কর্মসূচির আওতায়
শিশুদের পচা ডিম ও ছত্রাকযুক্ত পাউরুটি সরবরাহের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (১ জুলাই) গাংনীর বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের বিতরণ করা কিছু ডিমে পচা ও দুর্গন্ধযুক্ত তরল এবং কয়েকটি পাউরুটিতে ছত্রাক দেখা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান, খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান 'সুশীলন' দীর্ঘদিন ধরে নিম্নমানের খাদ্যসামগ্রী দিচ্ছে এবং কিছু শিক্ষার্থী এই দুধ পান করে অসুস্থও হয়ে পড়েছে। গাংনী উপজেলার ১৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮ হাজার ৩৪৭ জন শিক্ষার্থীর জন্য এই খাবার সরবরাহ করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম অভিযোগ নিশ্চিত করে বলেন, পচা ডিম, নিম্নমানের কলা ও ছত্রাকযুক্ত পাউরুটি সরবরাহের বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হলেও কোনো সমাধান মেলেনি, যা শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে।
তবে সুশীলনের এরিয়া ম্যানেজার সুমন অভিযোগ আংশিক অস্বীকার করে বলেন, নষ্ট ডিমগুলো পরিবর্তন করে দেওয়া হয়েছে এবং শিক্ষকরা খাবার সংরক্ষণ করায় পাউরুটিতে ছত্রাক পড়ে থাকতে পারে। মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকুমার মৈত্র জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাননি, তবে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসআর