দিনাজপুরে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, বিভিন্ন সরঞ্জাম এবং ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপারদের তত্ত্বাবধানে ডিবির একটি দল গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় দিনাজপুর শহরের বাহাদুর বাজার স্টেশন রোডের একটি আবাসিক হোটেলে অভিযান চালায়। অভিযানে চারজনকে আটক করা হয়।
আটকদের কাছ থেকে একটি ডাবল কেবিন পিকআপ, কয়েকটি মোবাইল ফোন, কর্ডলেস ড্রিল মেশিন, অ্যাঙ্গেল গ্রাইন্ডার, কাটিং ডিস্ক, শিট মেটাল কাটার, বিভিন্ন ধরনের রেঞ্চ, স্ক্রু-ড্রাইভার, ড্রিল বিট, বিপুল সংখ্যক চাবি, স্টিলের তালা, ব্যাটারি চার্জার, জাম্পার কেবল, ক্রোবার, লোহার রড, ব্যাকপ্যাক, রিফ্লেকটিভ সেফটি ভেস্ট এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নামে তৈরি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়।
এছাড়া পিকআপে ব্যবহারের জন্য ‘জরুরি বিদ্যুৎ’ ও ‘জরুরি টাওয়ারের কাজে নিয়োজিত’ লেখা ভুয়া ডিসপ্লেও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মোবাইল ফোন টাওয়ারের পাওয়ার হাউজে থাকা ব্যাটারি ও অন্যান্য মূল্যবান যন্ত্রাংশ চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তারা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলী, টেকনিশিয়ান ও চালকের পরিচয় দিয়ে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে এসব অপরাধ সংঘটিত করত।
পুলিশের দাবি, এই চক্রের আরও কয়েকজন সদস্য পলাতক রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এসআর