[email protected] বুধবার, ১ জুলাই ২০২৬
১৭ আষাঢ় ১৪৩৩

বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে অসুস্থ ১১ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ জুলাই ২০২৬ ৮:৩৯ পিএম

সংগৃহীত ছবি

বাগেরহাটের শরণখোলা উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির আওতায় বিতরণ করা ডিম খাওয়ার পর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার ধানসাগর ইউনিয়নের ৯৮ নম্বর পূর্ব ধানসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

 

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের টিফিনে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ডিম দেওয়া হয়। ডিম খাওয়ার কিছুক্ষণ পর ১১ শিক্ষার্থী পেটব্যথা ও শ্বাসকষ্টের অভিযোগ করলে শিক্ষকরা দ্রুত তাদের শরণখোলা রায়েন্দা গ্রামীণ জেনারেল হাসপাতালে নিয়ে যান।

 

অসুস্থ শিক্ষার্থীরা হলো—রুমানা, আব্দুন নূর, রাবেয়া, ফারিয়া, মিতু, সুমা, আফিফা, হুমায়রা, তামান্না, তানজিলা ও সিফা।

 

হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শাকিল কায়সার জানান, চিকিৎসাধীন শিক্ষার্থীদের অবস্থা বর্তমানে স্থিতিশীল। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা আশঙ্কামুক্ত রয়েছেন।

 

স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, স্কুল ফিডিং কর্মসূচিতে দীর্ঘদিন ধরে নিম্নমানের খাদ্য সরবরাহ নিয়ে অভিভাবকদের মধ্যে অসন্তোষ রয়েছে। তাদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

 

খাদ্য সরবরাহকারী আলিম আল রাজী মুক্তি বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত দিনে ডিম সরবরাহ সম্ভব হয়নি। পরে সরবরাহ করা ডিম থেকেই বুধবার শিক্ষার্থীদের জন্য টিফিন প্রস্তুত করা হয়। তার ধারণা, কিছু ডিম নষ্ট থাকায় এ ঘটনা ঘটতে পারে।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার বলেন, রোববার সরবরাহ করা ডিম থেকেই বুধবার শিক্ষার্থীদের জন্য সিদ্ধ ডিম দেওয়া হয়েছিল। ওই ডিমের কিছু অংশ নষ্ট থাকায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনির আহমেদ জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) অর্থিতা হাওলাদার বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর