[email protected] বুধবার, ১ জুলাই ২০২৬
১৭ আষাঢ় ১৪৩৩

টেকনাফে নাফ নদী থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ আটক ১

কক্সবাজার জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১ জুলাই ২০২৬ ৭:৩৮ পিএম

সংগৃহীত ছবি

কক্সবাজারের টেকনাফে নাফ নদী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১ জুলাই) দিবাগত রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) শাহপরীর দ্বীপ জেটি সংলগ্ন নাফ নদী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।


আটক ব্যক্তি জাগীর হোসেন (২৮)। তিনি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের জালিয়াপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।


বিজিবি সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে বিপুল পরিমাণ মাদক বাংলাদেশে প্রবেশ করতে পারে—এমন গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়। অভিযানের একপর্যায়ে গভীর রাতে সীমান্তসংলগ্ন নদীপথে একটি সন্দেহজনক নৌকার গতিবিধি লক্ষ্য করেন টহলরত সদস্যরা।

পরে এক ব্যক্তিকে দুটি বস্তা নিয়ে সাঁতরে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখে বিজিবি তাকে আটক করে।
আটকের পর বস্তা দুটি তল্লাশি করে মোট ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন, তিনি মিয়ানমার থেকে আসা একটি নৌকা থেকে নেমে ইয়াবার চালান নিয়ে সাঁতরে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন।


টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া অভিযান ও ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তি ও জব্দ করা মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।


তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং অভিযান আগের মতোই অব্যাহত থাকবে।

এসআর

সম্পর্কিত খবর