[email protected] বুধবার, ১ জুলাই ২০২৬
১৭ আষাঢ় ১৪৩৩

শিক্ষকতার পাশাপাশি ড্রাগন চাষে সফল বরগুনার হাসানুল হক উজ্জ্বল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ জুলাই ২০২৬ ১১:২৫ এএম

সংগৃহীত ছবি

উপকূলীয় জেলা বরগুনায় ড্রাগন ফল চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন হাসানুল হক উজ্জ্বল

 নামে এক স্কুল শিক্ষক। তিনি বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের বাসিন্দা এবং নিমতলী আজিজাবাদ চরমাইঠা বিদ্যালয়ের কৃষি বিজ্ঞানের শিক্ষক। বাড়তি আয়ের উদ্দেশ্যে ২০২১ সালে প্রথমে পরীক্ষামূলকভাবে দুই একর জমিতে ১ হাজার ১০০টি খুঁটি দিয়ে ড্রাগন চাষ শুরু করলেও বর্তমানে তার বাগানের সংখ্যা তিনটি এবং মোট জমির পরিমাণ তিন একর।

এসব বাগান থেকে প্রতি বছর গড়ে ২৫ থেকে ৩০ লাখ টাকার ড্রাগন ফল বিক্রি হচ্ছে। ড্রাগন চাষের এই লাভজনক আয়ের টাকা দিয়ে তিনি ইতোমধ্যে একটি দোতলা বাড়ি নির্মাণ করেছেন এবং বাগান আরও দুই একর জমিতে সম্প্রসারণের পরিকল্পনা করছেন।

​হাসানুল হক উজ্জ্বলের এই উদ্যোগে এলাকার অন্তত ৮ থেকে ১০ জন স্থানীয় বাসিন্দার স্থায়ী ও অস্থায়ী কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। বাগানে কর্মরত শ্রমিক সুমন ও সেলিম মল্লিক জানান, তারা এখান থেকে প্রতি মাসে ভালো বেতন পাচ্ছেন, যা দিয়ে তাদের পরিবার ভালো চলছে।

উজ্জ্বলের সফলতা দেখে অনুপ্রাণিত হয়ে তাঁর চাচাতো ভাই মো. কামালসহ এলাকার অনেকেই এখন ড্রাগন চাষে আগ্রহী হচ্ছেন এবং কামাল নিজের ছোট বাগান থেকে সব খরচ বাদ দিয়ে বছরে প্রায় এক লাখ টাকা লাভ করছেন। বাগানে উৎপাদিত এসব তাজা ড্রাগন ফল বরগুনার স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি বরিশাল ও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে।

​বরগুনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রথীন্দ্র নাথ বিশ্বাস জানান, চলতি বছর বরগুনায় ২০ হেক্টর জমিতে ড্রাগন চাষ হয়েছে। শিক্ষক উজ্জ্বলকে জেলার কৃষির একজন 'আইকন' হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তাঁর দেখাদেখি অন্য কৃষকরাও ড্রাগন চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। কৃষি বিভাগ থেকে কৃষকদের চারা, সার, কীটনাশক ও কারিগরি পরামর্শসহ সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে এবং শিক্ষক উজ্জ্বলকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে সব ধরনের সহায়তা করা হবে।

এসআর

সম্পর্কিত খবর